ফিচার
একদিনের জন্য কয়েদি হওয়ার সুযোগ দেয় এই কারাগার, দিতে হবে পাঁচশো টাকা – রূপাঞ্জন গোস্বামী কাউন্টার থেকে স্লিপটি নিয়ে জেলের প্রধান ফটকের সামনে দাঁড়ালেই, লোহার ফটকের মধ্যে লাগানো ছোট দরজাটা খুলে যাবে। মাথা নিচু করে আপনাকে ঢুকতে হবে জেলের মধ্যে। ঢোকামাত্রই একটি শক্ত হাত ধরে নেবে আপনার হাত। সে হাতে সামান্যতম সহানুভূতির ছোঁয়া নেই। ইউনিফর্ম পরা এক পুলিশ অফিসার আপনাকে নিয়ে যাবেন একটা লম্বা ঘরে। ঘরটি হল জেলের লকার কাম স্টোররুম। আপনাকে সেখানে জমা দিতে হবে আপনার কাছে থাকা যাবতীয় জিনিসপত্র এমনকি মোবাইলও। আপনি যা জমা দিলেন, তার একটি তালিকা তৈরি করা হবে। তারপর একটা খালি লকারে রাখা হবে আপনার সঙ্গে থাকা মালপত্র। এরপর জেলের কর্মীরা আপনার হাতে তুলে দেবেন কিছু জিনিস। যা জেলের আইন অনুযায়ী সমস্ত নতুন কয়েদিদের দেওয়া হয়ে থাকে। আপনি পাবেন স্টিলের থালা, কাপ, গ্লাস, বাসন মাজার সাবান, দুটি চাদর, একটি জলের বোতল ও কয়েদির উর্দি। সাদা রঙের খাদির উর্দিগুলি বানান এই রাজ্যের বিভিন্ন জেলের কয়েদিরা। উর্দি পরার পর আর এক প্রস্থ তল্লাসি চালানো করা হবে আপনার শরীরে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার সেলে। আপনার প...